• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্থানীয় ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের ওপর নির্ভরতা কমাতে দেশীয় প্রযুক্তিতে ‘বার্তা’ নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত হবে। এতে ব্যাংক ও ব্যবসায়ীদের লেনদেন ব্যয় কমার পাশাপাশি জালিয়াতির সুযোগ সীমিত হবে এবং বাণিজ্যে স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, নতুন এই ব্যবস্থা চালুর ফলে বছরে অন্তত ৬০ লাখ ডলার সাশ্রয় হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উদ্যোগটি শুধু ব্যয় সাশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে ‘বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি গভর্নর সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান ও সংশোধনের প্রক্রিয়া সহজ হলে ব্যবসার খরচ ও সময়—দুটিই কমবে। তবে শুধু স্থানীয় এলসিতে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে আন্তর্জাতিক এলসি খোলা ও গ্রহণের ক্ষেত্রেও এ ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ আপাতদৃষ্টিতে ছোট বা ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ মনে হলেও এর পেছনে যে আত্মবিশ্বাস ও কার্যকর উদ্যোগ রয়েছে, তার মূল্য অনেক বেশি। তার মতে, এর গুরুত্ব ৬০ লাখ ডলার সাশ্রয়ের হিসাবের চেয়েও বড়। তিনি বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে। আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে কোন পণ্য কী দামে আমদানি বা রফতানি হচ্ছে, তা পর্যবেক্ষণ করা সহজ হবে।
ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সুইফটের পাশাপাশি ‘বার্তা’ ব্যবহার করেও আন্তর্জাতিক তথ্য আদান-প্রদান ও যাচাই-বাছাই সহজ করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ডলার কেনাবেচার জন্য আগামী এক মাসের মধ্যে আলাদা একটি স্বয়ংক্রিয় ওয়েবভিত্তিক ব্যবস্থা চালু করা হবে। এতে ডলারের ক্রেতা ও বিক্রেতা পরস্পরের পরিচয় জানতে পারবেন না। ফলে বাজার কারসাজির সুযোগ থাকবে না বলে মনে করেন তিনি।
গভর্নর বলেন, আর্থিক অবকাঠামোর উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রমের ব্যয় কমানোই নতুন প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য। এর সুফল শুধু ব্যবসায়ী বা ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সাধারণ মানুষও উপকৃত হবে। ব্যবসার খরচ কমলে পণ্যের দাম কমার সুযোগ তৈরি হবে, যার সুবিধা পাবেন দেশের ১৮ কোটি মানুষ। তিনি আরও বলেন, লেনদেনের ব্যয় কমাতে বাংলা কিউআর চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সুদ ভর্তুকির আওতায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সুদের হার কমাতে নীতি সুদহার আরও কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নতুন প্ল্যাটফর্মের কারণে স্থানীয় এলসি খোলার ক্ষেত্রে প্রতিটি ঋণপত্রে প্রায় ১ হাজার ৫০০ টাকা সাশ্রয় হবে। বিশেষ করে ছোট অঙ্কের বিপুলসংখ্যক এলসি খোলেন, এমন রফতানিকারকদের জন্য উদ্যোগটি বেশি সহায়ক হবে। তিনি বলেন, পণ্যের মূল্য সংযোজন যাচাই এবং বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও ‘বার্তা’ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এলসি খোলা ও গ্রহণের চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ব্যবসায়ীদের স্বার্থে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
চামড়া ও পাদুকা খাতের ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মনজুর বলেন, বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে লেনদেনের গতি বাড়ানোর পাশাপাশি ডিজিটাল রূপান্তর জরুরি। ‘বার্তা’ নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল লেনদেন ব্যবস্থায় রূপান্তর করতে হবে। তিনি বলেন, স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান ‘বার্তা’র মাধ্যমে করা গেলে লেনদেনের খরচ কমবে। পাশাপাশি এলসি সংশোধনের ক্ষেত্রে যে দীর্ঘ সময় ব্যয় হয়, তাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
নতুন ব্যবস্থাকে আরও কার্যকর করতে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে, প্ল্যাটফর্মটিকে নিরাপদ ডিজিটাল নথি আদান-প্রদানের ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন। এতে দ্রুত অর্থ পরিশোধ নিশ্চিত করা সম্ভব হবে।
এ ছাড়া অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগের মাধ্যমে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ কার্যক্রম সহজ করার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে তথ্যের নিরাপত্তা, তথ্যের সমন্বয় ও যাচাই এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
ব্যবসায়ী নেতাদের মতে, ‘বার্তা’কে পূর্ণাঙ্গ ডিজিটাল বাণিজ্যিক অবকাঠামোয় রূপান্তর করা গেলে শুধু স্থানীয় এলসির খরচ কমবে না, দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমও আরও দ্রুত, স্বচ্ছ ও দক্ষ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category