প্রভাত স্পোর্টস: বার্সেলোনা ও স্পেনের হয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচের সবগুলোতেই শুরুর একাদশে ছিলেন লামিন ইয়ামাল। তাকে মাঠ থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত খুব কমই নিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও হান্সি ফ্লিক। শনিবার রাতে আলাভেসের বিপক্ষে বার্সার লা লিগা ম্যাচে তাকে এই মৌসুমে চতুর্থবারের মতো বদলি হিসেবে উঠিয়ে নেন জার্মান কোচ। ম্যাচ শেষে তিনি জানালেন, তার জন্য কাজটা সহজ করেছেন ইয়ামাল নিজেই।
ন্যু ক্যাম্পে এদিন জোড়া গোল করেছেন ইয়ামাল। তার সঙ্গে রাফিনিয়াও দুইবার জালের দেখা পান। ম্যাচটি ৬-১ গোলে জেতে কাতালান জায়ান্টরা। টানা দুটি হারের পর দুর্দান্ত এই জয়ের ম্যাচে খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেন ফ্লিক।
এনিয়ে বার্সা কোচ বলেছেন, ‘দুটো গোল করলে মাঠ ছাড়াটা সহজ হয়ে যায়। হাফটাইমে আমি তার সঙ্গে (খেলার সময় নিয়ন্ত্রণের বিষয়ে) কথা বলেছিলাম। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, আমাদের জন্য দ্বিতীয়ার্ধে তার আরও বেশি সময় ও মিনিট ভালো। কিন্তু তার সময় কমিয়ে দেয়াও গুরুত্বপূর্ণ।’
বার্সা রাফিনিয়ার গোলে এগিয়ে যায়। তারপর ফারমিন লোপেজও গোল করেন। মৌসুমের ১৭তম গোলে ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। ইয়ামাল হাফটাইমের আগে চতুর্থবার জাল কাঁপান। বিরতির পর আরেকটি। বার্সার শেষ গোলটি করেন অ্যান্থনি গর্ডন।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হেরে টানা ১১ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়েছিল। তারপর রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় পরাজিত হয় তারা। টানা দুটি হারের পর বার্সার এমন প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিলেন ফ্লিক, ‘লামিনের জন্য এটা দারুণ খেলা ছিল। ফারমিন, রাফিনিয়ার আক্রমণের ধরন দেখে ভালো লেগেছে। এই দুটি হারের পর আমি এটাই দেখতে চেয়েছিলাম। আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাই, এটা ভালো ছিল ও সঠিকভাবেই হয়েছে।’