• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সাফের আগে ধাক্কা, ইনজুরিতে ছিটকে গেলেন রোনান সুলিভান

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবার সিনিয়র দলে ডাকেন কোচ থমাস ডুলি। গতকাল আমেরিকা থেকে তার বাংলাদেশে রওনা দেওয়ার কথা। কিন্তু ইনজুরি তার জন্য বাধা হয়ে দাঁড়াল। দল ও ফেডারেশন সূত্রে জানা গেছে, তিনি সাফে খেলতে পারবেন না।
রোনানের নভেম্বরে প্রথম দিকে আসার কথা ছিল না। পরবর্তীতে তার কলেজের কোচের কাছ থেকে ছুটি পান। তখনই ফেডারেশনকে নিশ্চিত করেন, ৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর তিনি থাকতে পারবেন। সেই মোতাবেক ফেডারেশন আমেরিকান সময় ১ নভেম্বর রাতে তার টিকিটও করে। ইনজুরির কারণে সেই টিকিট বাতিল করেছে ফেডারেশন।
১৮ অক্টোবর সাফে ২৮ জনের নাম জমা দেওয়ার কথা ছিল। স্বাগতিক হওয়ায় বাংলাদেশ সাফে এখনও তালিকা জমা দেয়নি। রোনান সুলিভানের নাম অবশ্য এই ২৮ জনের মধ্যে রেখেছিলেন ডুলি। তিনি না আসায় স্ট্রাইকিং পজিশন নিয়ে কোচের চিন্তা আরো বাড়ল। স্কোয়াড এখন নতুন করে করতে হবে ডুলিকে।
ক্যাম্পে যারা আছেন তাদের মধ্যে বিশ্বনাথ এখনও পুরোপুরি ফিট নন। মোরসালিন জ্বর থেকে উঠেছেন। কালকের বিরতির পর আজ সকালে কোচ ডুলি অনুশীলন করিয়েছেন। এখনও দুই ভাগ হয়ে একটা ম্যাচ প্র্যাকটিস করাতে পারেননি। ৫ নভেম্বর ম্যাচের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাবে না বাংলাদেশ। দলে ডাক পাওয়া ফুটবলারের মধ্যে এখনও ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম যোগ দেননি। সোমবার তার অনুশীলনে যোগ দেয়ার কথা। সব মিলিয়ে দল গুছাতে ঘাম ছুটতে পারে ডুলির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category