• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

১৪ ম্যাচে ৫৭ গোল বার্সেলোনার, গোলবন্যায় ভাসল আলাভেজও

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আলাভেজ জানত, বার্সেলোনা এবার প্রতিপক্ষদের গোলে ভাসাচ্ছে। আলাভেজ এও জানত, সর্বশেষ দুই ম্যাচে হেরে বার্সেলোনা কিছুটা কোণঠাসা। এবারের লা লিগায় হান্সি ফ্লিকের দলটি সবচেয়ে কম গোল করেছে সর্বশেষ ম্যাচেই। তবে আলাভেজের যা জানা ছিল না, হারের ধাক্কা সামলে বার্সেলোনা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। শনিবার রাতে ন্যু ক্যাম্পে সেই অভিজ্ঞতাই হলো লা লিগার ক্লাবটির। প্রথমার্ধে চারটি, দ্বিতীয়ার্ধে আরও দুটি—মোট ছয়বার আলাভেজের জালে বল পাঠিয়েছে বার্সেলোনা। এই ছয় গোলে চলতি মৌসুমে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭-তে, মাত্র ১৪ ম্যাচে।
এই গোলবন্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। দুজনই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ফেরমিন লোপেজ ও বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডন। আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন মারিয়ানো দিয়াস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। অষ্টম মিনিটে ফেরমিনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ২৩ মিনিটে ইয়ামালের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন। এরপর ৪১ মিনিটে ফেরমিনের পাস থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। বিরতির ঠিক আগে দুর্দান্ত এক দলীয় আক্রমণের পর গোল করে ব্যবধান ৪-০ করেন ইয়ামাল।
দ্বিতীয়ার্ধেও গোলের ক্ষুধা কমেনি বার্সেলোনার। ৬৬ মিনিটে ইয়ামালের আরেকটি গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল হলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। এরপর বদলি হিসেবে নামা গর্ডন ৮১ মিনিটে যোগ করেন একটি গোল। ৮৪ মিনিটে আলাভেসের হয়ে ব্যবধান কিছুটা কমান দিয়াস।
পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগে এবং রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হারের পর এই জয় বার্সেলোনার জন্য স্বস্তিরও। টানা ১১ জয়ের পর দুই ম্যাচে হোঁচট খাওয়া দলটি আবার ফিরেছে জয়ের ধারায়।
দুই হারের পর আক্রমণভাগের এমন পারফরম্যান্স কোচ ফ্লিকের জন্যও স্বস্তির। ম্যাচ শেষে তিনি বলেছেন, দুই হারের পর দল কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটিই দেখতে চেয়েছিলেন তিনি। খেলোয়াড়েরা সঠিকভাবেই জবাব দিয়েছে।
আলাভেসের বিপক্ষে জোড়া গোল করে রাফিনিয়ার মৌসুমের লা লিগায় গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে, মাত্র ১০ ম্যাচে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে আর কোনো খেলোয়াড়ের গোল এত বেশি নেই। একবিংশ শতাব্দীতে লা লিগার প্রথম ১০ ম্যাচে তাঁর চেয়ে বেশি গোল করতে পেরেছিলেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৪-১৫ মৌসুমে প্রথম ১০ ম্যাচে রোনালদোর গোল ছিল ১৮টি।
ইয়ামালও আছেন দুর্দান্ত ছন্দে। আলাভেসের বিপক্ষে দুই গোলসহ চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর গোল-অবদান ২৩টি—১২ গোল ও ১১ অ্যাসিস্ট। এই মুহূর্তে শীর্ষ পাঁচ লিগের আর কোনো খেলোয়াড়ের গোল-অবদান এত বেশি নেই।
বার্সেলোনার পরের ম্যাচ ম্যাচ মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে, প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। এরপর লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে হবে ফ্লিকের দলকে। বার্সার পয়েন্ট ১১ ম্যাচে ৩০, সমান ম্যাচে আতলেতিকোর ২৮।


আপনার মতামত লিখুন :
More News Of This Category