প্রভাত স্পোর্টস: চলতি বছর ঘটনাবহুল ও রোমাঞ্চকর ফিফা ফুটবল বিশ্বকাপ দেখেছে বিশ্ব। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর আরেকটি বিশ্বশিরোপা জিতেছে স্পেন। ওই ম্যাচে দুই দলের ফুটবলারদের মাঠের পারফরম্যান্সের চেয়ে শারিরীক লড়াই বেশি আলোচনায় ছিল। তেমনই একটি দৃশ্য ছিল পাউ কুবারসিকে করা এনজো ফার্নান্দেজের ফাউল। যা টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় স্থান পেয়েছে।
বছর শেষ হতে আরও এক মাস বাকি থাকতেই যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ম্যাগাজিন টাইম ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে। বিশ্বকাপ ফাইনালের একটি ছবিতে দেখা যাচ্ছে, স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে কড়া ট্যাকল করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো। প্রতিপক্ষের স্পর্শ লাগার পর অনেকটা উপরে ভেসে ওঠে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের শরীর। সে ঘটনায় এনজোকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল।
ঘটনার ভিডিওতেই স্পষ্ট ছিল, এনজোর লাথির আঘাতে শূন্যে ছিটকে পড়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। এরপর ব্যথায় কুঁকড়ে উঠেছিলেন তিনি। তবে গেটি ইমেজে চিত্রগ্রাহক আল বেল্লোর তোলা স্থিরচিত্রে ধরা পড়েছে সেই উড়ে যাওয়ার মুহূর্তের সবচেয়ে নাটকীয় দৃশ্য। ছবিতে দেখা যায়, আক্ষরিক অর্থেই এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন কুবার্সি। মাঠের ঘাসে দুই ফুটবলারের ছায়া এবং মাঝমাঠের রেখা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ঘটনার প্রেক্ষাপটও বেশ তাৎপর্যপূর্ণ। ফাইনাল ম্যাচের শুরু থেকেই নিজেদের ছন্দ খুঁজে পায়নি লিওনেল স্কালোনির দল। অতিরিক্ত সময় শুরুর আগে যোগ করা সময়ে এমন কাণ্ড ঘটান এনজো। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেছিলেন তিনি। এবার ভুল সময়ে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার। ফলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। অন্যদিকে, আঘাত সামাল দিতে কুবারসির শূন্যে লাফিয়ে ওঠার দৃশ্য ঘটনাটিকে আরও নাটকীয় করে তোলে।
আল বেল্লো যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা ক্রীড়া আলোকচিত্রী। দীর্ঘ কর্মজীবনে তার তোলা ছবির জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন। এ ছাড়া টাইমের সেরা ১০০ ছবির মাঝে আছে ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ‘আল-আহলি ক্লাব’-এর ফিলিস্তিনি খেলোয়াড়দের একটি অনুশীলনের দৃশ্য। সংবাদ সংস্থা এপির চিত্রগ্রাহক জেহাদ আলশরাফি ওই স্থিরচিত্র ধারণ করেন।
তার ছবিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে ম্যাচের আগে ফুটবলাররা গা গরম করছেন। মাঠটি নতুন তৈরি করা হয়েছে, যার চারপাশে রয়েছে ইসরায়েলে স্থল ও বিমান অভিযানে ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন ভবনের স্তূপ। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ পরিষ্কার করে এবং পুরোনো কৃত্রিম ঘাস (আর্টিফিশিয়াল টার্ফ) বসিয়ে এই মাঠটি তৈরি করেছে। এর ফলে স্থানীয় দলগুলো এবং পঙ্গু হয়ে যাওয়া খেলোয়াড়রা আবারও খেলাধুলায় ফেরার সুযোগ পেয়েছেন। গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি ইসরায়েল-হামাস যুদ্ধের সময় পুরোপুরি ধ্বংস হয়ে যায়।