প্রভাত বিনোদন : মিস ইউনিভার্সের মুকুট জয়ের লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। প্রতিযোগিতার দুটি বিভাগে পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি পেয়েছেন মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট ও ইভনিং গাউন- দুই বিভাগেই দর্শকদের ভোটে সেরা হয়েছে বাংলাদেশ। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান মাহি। একই পোস্টে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার খবরও দেন তিনি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে মাহির পোশাক ও উপস্থাপনা বিশেষভাবে নজর কেড়েছিল। যেখানে অধিকাংশ প্রতিযোগী বিকিনি বেছে নিয়েছিলেন, সেখানে তিনি পরেছিলেন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। এর পেছনে ছিল ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়।
প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন পোশাক বেছে নেওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে নিজেকে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পান তিনি। এবার দর্শকদের ভোটেও সেই পর্বে সেরার স্বীকৃতি পেল বাংলাদেশ। নিজের এই অর্জনে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহি। তার ভাষ্য, প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে।
প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন বলেও জানান তিনি। বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই প্রতিযোগী। মুকুট জয়ের মূল লড়াইয়ে এগোতে না পারলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে জয় এবং ন্যাশনাল কস্টিউমে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি মাহির মিস ইউনিভার্স যাত্রাকে স্মরণীয় করে রাখল। দেশের মানুষের ভালোবাসাকে সবচেয়ে বড় প্রাপ্তি উল্লেখ করে পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’