প্রভাত বিনোদন : গত অক্টোবরেই প্রকাশ্যে আসে দেড় দশক পর ‘কিং’ সিনেমায় কারিনা কাপুর বলিউড বাদশার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। মেগাবাজেটের এই সিনেমার আইটেম গানে ফের একসঙ্গে ডান্স ফ্লোর কাঁপাবেন বেবো-শাহরুখ। তখন থেকেই অনুরাগীমহল অপেক্ষায়। শুক্রবার (২৭ নভেম্বর) সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বিগ ফ্রাইডে’ চমক নিয়ে হাজির তারা। প্রকাশ হলো ‘কিং’-এর বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’।
গানে মহাচমক দিলেন কারিনা কাপুর। যেখানে ডিস্কো থিমের গানে ‘সল্ট অ্যান্ড পিপার’ লুকে উন্মাদনার পারদ চড়ালেন শাহরুখ আর বেবো বরাবরের মতো বোল্ড মেজাজে। সত্তরের দশকে বনি এমের গাওয়া ডিস্কো জঁরের ‘ড্যাডি কুল’ বেজায় হিট করেছিল।
এবার শচীন-জিগরের সুর করা সেই ডিস্কো থিমেই ‘কিং’ এর গানে ঝড় তুললেন শাহরুখ-কারিনা; যা দেখে ভক্তমহলেও উচ্ছ্বাস। অক্টোবর মাসের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই জমকালো আইটেম গানের শুটিং হয়েছে। এর আগে ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা। তারপর পার হলো ১৫ বছর। অবশেষে শাহরুখের সঙ্গে ‘ছম্মক ছল্লো’ মেজাজে ধরা দিলেন কারিনা। ডিসেম্বর মাসের ২৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘কিং’।