প্রভাত বিনোদন: হলিউড তারকা জেনিফার লোপেজ জানালেন, দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি বা ব্যক্তিগত বিমান একজন পুরুষকে আকর্ষণীয় করে তোলে না। তাঁর কাছে একজন পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণ হলো, প্রতিদিনের ছোট ছোট যত্নশীল আচরণ।
১৬ জুলাই ইতালির সিসিলির টাওরমিনার ইসোলা বেলায় ডলচে অ্যান্ড গাব্বানা আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করার সময় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী।
২৪ জুলাই ৫৭তম জন্মদিনের আগে আয়োজিত এই অনুষ্ঠানে পারফরম্যান্সের মধ্যেই তিনি স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও সম্পর্কে পারস্পরিক যত্নের গুরুত্ব নিয়ে দর্শকদের সঙ্গে হালকা মেজাজে কথা বলেন।
মঞ্চে নিজের পুরুষ ব্যাকআপ নৃত্যশিল্পীদের সঙ্গে মজার কথোপকথনের একপর্যায়ে লোপেজ রসিকতা করে একজনকে চুল ঠিক করে দিতে বলেন। পরে হাসতে হাসতেই অন্যদের উদ্দেশে বলেন, তাঁদের টাকার প্রয়োজন তাঁর নেই; এমনকি দামি উপহারও দরকার নেই।
দর্শকদের উদ্দেশে লোপেজ বলেন, অনেক বছর ধরেই মানুষ তাঁকে দেখে মনে করে তিনি খুবই ‘দামি’ একজন নারী। নিজের বহুল চর্চিত স্পার্কলি কাপ প্রসঙ্গ টেনে তিনি মজা করে স্বীকারও করেন, তিনি সত্যিই ‘দামি’। তবে একই সঙ্গে তিনি উপস্থিত নারীদের মনে করিয়ে দেন, তাঁদের নিজেদের উপার্জন রয়েছে, তাই কোনো কিছু কিনে দেওয়ার জন্য অন্য কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই। যদিও সঙ্গী যদি ভালোবেসে কিছু উপহার দিতে চান, সেটি অবশ্যই ভালো লাগে।
এরপরই লোপেজ জানান, একজন পুরুষের কোন গুণ তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
‘জানো, একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে কী? সেটা ঘড়ি নয়, গাড়ি নয়, ব্যক্তিগত বিমানও নয়। অবশ্য এগুলো ভালো লাগতেই পারে। কিন্তু সত্যিকারের আকর্ষণীয় লাগে, যখন দেখি সে সকালে নিজের বিছানা গুছিয়ে রাখে বা রাতে আমি ক্লান্ত থাকলে আমার জন্য বাসন ধুয়ে দেয়,’ বলেন লোপেজ।
লোপেজ আরও বলেন, ‘এটাই আমার কাছে সেক্সি। সত্যিই এটাকেই আমি সেক্সি বলি। কারণ, নারীরাই তো প্রায় সব কাজ করে থাকি।’
জেনিফার লোপেজের এ মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন তাঁর ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই জনসমক্ষে আলোচনার বিষয়।
লোপেজ চারবার বিয়ে করেছেন। প্রথম স্বামী ছিলেন ওজানি নোয়া (১৯৯৭-১৯৯৮)। এরপর নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন, যা ২০০৩ সালে বিচ্ছেদে শেষ হয়। ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। তাঁদের যমজ সন্তান ম্যাক্স ও এমে রয়েছে। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
এরপর সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে তাঁর বাগ্দান হলেও ২০২১ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। সবশেষে ২০০০-এর দশকের শুরুতে আলোচিত প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে পুরোনো সম্পর্ক নতুন করে শুরু করেন লোপেজ। ২০২২ সালে তাঁরা বিয়ে করেন। তবে ২০২৪ সালে আলাদা হয়ে যাওয়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদ আইনিভাবে চূড়ান্ত হয়। পেজ সিক্স অবলম্বনে