• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত, থানায় মামলা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালীন শিক্ষার্থীর মৃত্যু নাজিরপুরে চাঁদাবাজি ও দস্যুতা মামলার আসামি শ্রমিক দল নেতা সুমন খান গ্রেপ্তার ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো লিভারপুল সান্ডারল্যান্ডের কাছেও ১-০ ব্যবধানে হারলো চেলসি দু’বার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তবুও জিতলো না ম্যানইউ অস্ট্রেলিয়ায় বল টেম্পারিংয়ে কোন ক্লাব সিদ্ধহস্ত, ফাঁস করলেন খাজা এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পুয়ের্তো রিকো গেলেন মাহি

প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো লিভারপুল

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো লিভারপুল। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফ্লোরিয়ান ভির্ৎজ ও আলেক্সান্ডার ইসাকের গোলে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে অলরেডরা। রবিবার রাতে সেলহার্স্ট পার্কে স্বাগতিকদের মাঠে এই জয় পেয়েছে লিভারপুল। প্যালেসের হয়ে যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন এডি এনকেতিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। প্রথম মিনিটেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নিচু শট ঠেকিয়ে দেন ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। তবে দ্রুতই ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে স্বাগতিকেরা। টাইরিক মিচেলের ক্রস থেকে ছয় গজ বক্সে বল পেয়েও লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে বিপদে ফেলতে পারেননি ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন।
এরপর আবারও আক্রমণে ওঠে লিভারপুল। ফ্রি-কিক থেকে ম্যাক অ্যালিস্টারের শটের পর ডমিনিক সোবোসলাইয়ের প্রচেষ্টা রুখে দেন হেন্ডারসন। তবে প্রথমার্ধে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল প্যালেসই। ১৮ মিনিটে মিচেলের ক্রস থেকে বল পেয়ে দারুণ শট নেন ইয়েরেমি পিনো। অ্যালিসনকে পরাস্ত করলেও তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর কর্নার থেকে হেড করেও অ্যালিসনকে পরাস্ত করতে পারেননি স্পেনের এই ফরোয়ার্ড।
৩৩ মিনিটে গোলের দেখা পেয়েছিল প্যালেস। স্ট্র্যান্ড লারসেনের শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ভিএআরের পরও সিদ্ধান্ত বহাল থাকে। এরপর দাইচি কামাদার জোরালো শটও দারুণভাবে ঠেকিয়ে দেন অ্যালিসন।
প্রথমার্ধে ভালো খেলেও শেষ দিকে পিছিয়ে পড়ে প্যালেস। ৪০ মিনিটে সোবোসলাইয়ের ফ্রি-কিক থেকে অরক্ষিত অবস্থায় হেড করে লিভারপুলকে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। সেটপিস থেকে গোল হজম করায় হতাশ হওয়ার কথা প্যালেস কোচ পিয়েরে সেজের। কারণ, এর আগে আক্রমণে ভালো কিছু সুযোগ তৈরি করেছিল তাঁর দল।
গোল হজমের পরও অবশ্য লিভারপুলের ব্যবধান বাড়ানোর চেষ্টা থামেনি। তবে প্রথমার্ধের বাকি সময়ে কুইন্টেন টিম্বার ও অ্যাডাম হোয়াটনের প্রচেষ্টা রুখে দিয়ে দলকে খেলায় রাখেন অ্যালিসন।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করতে লিভারপুলের সময় লাগে মাত্র ৯ মিনিট। ব্র্যাডলি বারকোলার নিচু ক্রস পেনাল্টি বক্সে প্যালেসের কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে পৌঁছে যায় ফ্লোরিয়ান উইর্টজের কাছে। সেখান থেকে নিখুঁত শটে বল জালে পাঠান জার্মান এই মিডফিল্ডার। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার প্রথম গোল। এর আগে সর্বশেষ গত এপ্রিলে এই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেই লিগে গোল করেছিলেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালায় প্যালেস। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। ম্যাচ শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগে দারিও ওসোরিওর পাস থেকে পিনো একা পেয়ে যান অ্যালিসনকে। কিন্তু দ্রুত সামনে এগিয়ে এসে তার শট আটকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। পরে জেফারসন লারমার প্রচেষ্টাও ঠেকান তিনি। এদিকে এডি এনকেতিয়ার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লিভারপুলও। পাঁচ মিনিটের কম সময় বাকি থাকতে আলেক্সান্ডার ইসাকের শট ঠেকিয়ে দেন হেন্ডারসন। তবে ৮৯ মিনিটে আর তাকে আটকে রাখতে পারেননি প্যালেস গোলরক্ষক। কাছ থেকে ইসাকের নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে হেন্ডারসনের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
যোগ করা সময়ে অবশ্য একটি গোল শোধ করে প্যালেস। দারিও ওসোরিও ও মিলোস কেরকেজের সংঘর্ষের পর পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পটকিক থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন এনকেতিয়া। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। ম্যাচজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে লিভারপুলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অ্যালিসন। অন্যদিকে উইর্টজের প্রথম লিগ গোল এবং ইসাকের শেষ মুহূর্তের গোল লিভারপুলের আক্রমণভাগের জন্য স্বস্তির খবর। বিপরীতে ভালো শুরু করেও সেটপিসে গোল হজম ও সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে প্যালেসকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category