প্রভাত সংবাদদাতা, সাভার: সকালে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে আশুলিয়ার জামগড়ায় ইসলাম গ্রুপের রোজ ড্রেস কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ না করে বাইরে হইচই শুরু করেন। পরে তারা ক্যানভয় ও স্টারলিং গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানা ছুটি দিতে বাধ্য হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আশুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আজ সার্বিক পরিস্থিতিতে দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছিল। কর্মমুখর শ্রমিক ভাই-বোনেরা শান্তিপূর্ণভাবে প্রতিটি কারখানায় প্রবেশ করেছেন। আমরাও বিভিন্ন জায়গায় শিল্প পুলিশ মোতায়েন রেখে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেছি, যাতে শ্রমিকরা সুন্দরভাবে কারখানায় প্রবেশ করতে পারেন। সবকিছুই ভালো ছিল।’ তিনি বলেন, জামগড়ায় ইসলাম গ্রুপের রোজ ড্রেস কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সকাল থেকে বাইরে হইচই করছিলেন। পরে তারা বের হয়ে ক্যানভয় ও স্টারলিং গ্রুপের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের আরও কয়েকটি কারখানায়ও ইটপাটকেল ছোড়েন। এ কারণে সংশ্লিষ্ট কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয়।
শিল্প পুলিশ সুপার বলেন, ‘এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। যেসব কারখানা ছুটি দেয়নি, সেগুলোতে সুন্দরভাবে কাজ চলছে।’
শ্রমিকদের দুপুরের খাবার খেতে যাওয়া ও পরে আবার কাজে ফেরার বিষয়টি নির্বিঘ্ন করতে শিল্প পুলিশসহ অন্যান্য সংস্থা, ঢাকা জেলা পুলিশ ও বিজিবি একসঙ্গে কাজ করছে বলে জানান তিনি। তার ভাষ্য, শ্রমিকরা যেন নির্বিঘ্নে বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে আবার কারখানায় ফিরে আসতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
ঘটনায় হতাহতের কোনো আশঙ্কা নেই উল্লেখ করে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে শিল্প পুলিশের দু’একজন সদস্যের হাত ও পায়ে আঘাত লেগেছে। তবে পুলিশ সদস্যদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশের অস্ত্র ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিল্প পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র বা শর্টগান ব্যবহার করে না। শ্রমিকদের শত্রু মনে করে না পুলিশ। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং রপ্তানির অন্যতম হাতিয়ার। তারা যেন কাজে ফিরে যান অথবা শান্তিপূর্ণভাবে বাসায় অবস্থান করেন, সেটিই চায় পুলিশ। তিনি আরও বলেন, শ্রমিকরা যেন সড়ক অবরোধ ও ভাঙচুর না করেন, সেজন্য তাদের নির্বৃত্ত করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে শুধু প্রয়োজন অনুযায়ী টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। বিশেষ প্রয়োজনে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এর বাইরে অন্য কোনো অস্ত্র পুলিশ সঙ্গে রাখে না বা ব্যবহার করে না।
শিল্প পুলিশ সুপার বলেন, শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের বিরুদ্ধে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে না- এই বার্তাটি শ্রমিকদের কাছে পৌঁছে দিতে চান তারা।