• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ
যশোরের জলাবদ্ধতা নিয়ে চার মন্ত্রীর পর্যালোচনা সভা

সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান হবে: পানিসম্পদ মন্ত্রী

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, যশোর: যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চলমান ৮১ কিলোমিটার খাল পুনঃখননের কাজ আগামী জুনের মধ্যে শেষ হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অবহিত রয়েছেন। তাঁর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে এ সমস্যা সমাধানে কাজ করছে। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা ও সেচ সমস্যার স্থায়ী সমাধানে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করেছে। পাশাপাশি মাথাভাঙ্গা নদীর সঙ্গে ভৈরব নদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তবে এসব দীর্ঘমেয়াদি প্রকল্পের সুফল পেতে কয়েক বছর সময় লাগতে পারে। এ সময় এলাকার মানুষ যাতে কৃষি, সেচ ও মৎস্য চাষে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য স্বল্পমেয়াদি প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে।
চলমান কাজের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকায় ৮১ কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। আগামী জুনের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এর পাশাপাশি আরও ৪৫ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। গত অর্থবছরে এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হওয়ায় স্থানীয় বাসিন্দারা সুফল পেয়েছেন। চলতি বছর জলাবদ্ধতা কমেছে এবং অনেক জমিতে চাষাবাদ সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ভবদহ এলাকার পানি ভৈরব নদের সঙ্গে সংযুক্ত করতে আমডাঙ্গা খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার নদ-নদী ও খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের দুর্ভোগ লাঘবে চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজগুলো শেষ করার চেষ্টা চলছে। ভবদহ এলাকার প্রায় ৯ লাখ মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করাই সরকারের লক্ষ্য।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয়দের অনেকে টিআরএম বা জোয়ারাধার প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তবে বৃহত্তর যশোরের চার জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে বিএডিসির নেওয়া ৩০০ কোটি টাকার প্রকল্পটি টিআরএমের বিকল্প নয়; বরং এ প্রকল্পকে সহযোগিতা করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ এলাকার পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিয়মিত খোঁজখবর নেন। তাঁর নির্দেশনায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো এলাকাকে চাষাবাদের আওতায় আনার চেষ্টা চলছে। সভায় যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান, পানিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পানিসম্পদ ও কৃষিমন্ত্রী এবং আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে জলাবদ্ধ ভবদহ এলাকা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category