• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

৫ মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন, আলোচিত ইরানি নির্মাতা আসগর ফরহাদি আবার ফিরলেন কান উৎসবে

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন : আলোচিত ইরানি নির্মাতা আসগর ফরহাদি আবার ফিরলেন কান উৎসবে। ফিরেই নিজের নতুন সিনেমা দিয়ে সব আলো যেন নিজের দিকে কেড়ে নিলেন। গতকাল তিনি উৎসব মাতিয়েছেন নতুন ফরাসি ভাষার সিনেমা ‘প্যারালাল টেলস’ দিয়ে। বৃহস্পতিবার রাতে কান উৎসবে ছবিটির প্রিমিয়ারের পর দর্শকের দাঁড়িয়ে অভিবাদন চলেছে টানা সাড়ে পাঁচ মিনিট। সেই মুহূর্তে আবেগাপ্লুত ফরহাদি দর্শকদের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন।
ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। প্রিমিয়ারে উজ্জ্বল লাল গাউনে হাজির হওয়া এই অভিনেত্রীকে ঘিরেও ছিল ব্যাপক আগ্রহ। অভিবাদনের সময় ফরহাদি তাঁর সহশিল্পী ক্যাথরিন দেনেভ ও ভার্জিনি এফিরাকে জড়িয়ে ধরেন। অন্যদিকে হুপার শান্ত হাসি নিয়ে পুরো সময়টুকু দর্শকদের প্রতিক্রিয়া উপভোগ করেন। ২ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই ড্রামা ছবির গল্প আবর্তিত হয়েছে কয়েকজন কৌতূহলী প্রতিবেশীকে ঘিরে, যাদের জীবন একসময় অদ্ভুতভাবে জড়িয়ে যায়। ছবিতে হুপার অভিনয় করেছেন সিলভি নামের এক লেখকের চরিত্রে, যিনি নিজের নতুন উপন্যাসের অনুপ্রেরণা খুঁজতে রাস্তার ওপারের প্রতিবেশীদের ওপর নজর রাখেন। পরে তিনি নিজের দৈনন্দিন কাজে সহায়তার জন্য তরুণ আদামকে নিয়োগ দেন। কিন্তু ধীরে ধীরে সেই তরুণ তাঁর ব্যক্তিগত জীবন ও লেখালেখির জগৎ—দুই–ই ওলট–পালট করে দেয়। একসময় সিলভির কল্পনার গল্প বাস্তবতাকেও ছাড়িয়ে যেতে শুরু করে।
কানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাম দ’রের প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ছবিটি। এর আগেও ফরহাদি একাধিকবার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৩ সালে তাঁর প্রথম ফরাসি ভাষার ছবি ‘দ্য পাস্ট’ পাম দ’রের দৌড়ে ছিল। এরপর ‘দ্য সেলসম্যান’ জিতেছিল সেরা চিত্রনাট্যের পুরস্কার। এ ছাড়া ‘এভরিবডি নোজ’ ও ‘আ হিরো’ও কানে আলোচিত হয়েছিল। বিশেষ করে ‘আ হিরো’ ২০২১ সালে গ্রাঁ প্রি পুরস্কার জেতে।
দুবারের অস্কারজয়ী ফরহাদি ২০২৩ সাল থেকে ইরানের বাইরে বসবাস করছেন। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, ইরানে চলচ্চিত্র ও টেলিভিশনে বাধ্যতামূলক হিজাব নীতির পরিবর্তন না আসা পর্যন্ত তিনি নিজ দেশে আর সিনেমা নির্মাণ করবেন না।
গত এপ্রিলে ইরান যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি নিয়েও সরব হয়েছিলেন এই নির্মাতা। এক বিবৃতিতে তিনি সহকর্মী চলচ্চিত্র নির্মাতাদের যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি দেশের অবকাঠামোয় হামলা চালানো যুদ্ধাপরাধ। মতাদর্শ বা রাজনৈতিক অবস্থান যা–ই হোক না কেন, এই অমানবিক, বেআইনি ও ধ্বংসাত্মক প্রক্রিয়া বন্ধে সবাইকে এক হতে হবে।

ভ্যারাইটি অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category