মোহাম্মদ বেলাল উদ্দিন, ফটিকছড়ি : ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে আসাদুজ্জামান (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে অপর এক কিশোর। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল বারী চেয়ারম্যান বাড়ির সামনে কাঞ্চননগর সড়কে এ ঘটনা ঘটে।
আহত আসাদুজ্জামান ওই এলাকার নোয়াত্ত্বাপাড়ার বাসিন্দা মঈন উল্লাহ আশেকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন, একটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আসাদুজ্জামান সেখানে কী হয়েছে জানতে চাইলে একপর্যায়ে রাকিব নামে এক কিশোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাকিব স্থানীয় মজাহার মেম্বারের ভাতিজা বাদশার ছেলে বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি কোনো রাজনৈতিক বিষয় নয়। কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোর অপর কিশোর আসাদকে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।