• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
বিশ্লেষণ

যানজটে সময়ের অপচয় অর্থনীতির ক্ষতি

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: যানজটকে উন্নয়নের একটি কেন্দ্রীয় সমস্যা হিসেবে বিবেচনা করা জরুরি। যানজটের পেছনে রয়েছে অপরিকল্পিত নগরায়ণ, রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থান ও শিক্ষা, অতিরিক্ত ব্যক্তিগত যানবাহন, দুর্বল গণপরিবহন, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, যত্রতত্র যাত্রী ওঠানামা, সড়ক খনন এবং ট্রাফিক আইন অমান্যের মতো নানা কারণ। এসব সমস্যার সমাধানে বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
নগরজীবনের স্বাভাবিক গতিকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করা সমস্যাগুলোর একটি হলো যানজট। বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট এখন আর শুধু মানুষের যাতায়াতের দুর্ভোগ নয় বরং এটি প্রতিদিন বিপুল কর্মঘণ্টা নষ্ট করে, পরিবহন ব্যয় বাড়ায় এবং উৎপাদনশীলতা কমিয়ে অর্থনীতির ওপর তৈরি করছে দীর্ঘমেয়াদি চাপ।
একটি শহরের সড়কব্যবস্থা তার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান চালিকাশক্তি। মানুষ, পণ্য ও সেবা দ্রুত চলাচল করতে না পারলে অর্থনীতির গতিও বাধাগ্রস্ত হয়। যানজটের সবচেয়ে বড় ক্ষতি সময়ের অপচয়। যে পথ স্বাভাবিক সময়ে অল্প সময়ের মধ্যে অতিক্রম করা সম্ভব, যানজটের কারণে সেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। কর্মজীবী মানুষ কর্মস্থলে পৌঁছাতে দেরি করেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হয়, ব্যবসায়িক বৈঠক ও জরুরি কাজ পিছিয়ে যায়।
যানজট কেন হয় তা জানার জন্য কোন বিশেষজ্ঞর কাছে যেতে হবে না। যারা নগরে বসবাস করেন তারা বিষয়টি সবাই কমবেশি জানেন। অপরিকল্পিতভাবে নগরীর অবকাঠামো গড়ে তোলা এবং রাস্তাঘাট সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে বিনির্মাণ না করার কারণে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া রাস্তার চেয়ে গাড়ির সংখ্যা মাত্রাতিরিক্ত হলে যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশে সেটাই ঘটছে। যানজটে দৈনিক ক্ষতি হয় কয়েকশ’ কোটি টাকা। এই ক্ষতিতে রাজস্ব আয় কমে যায়, অন্যদিকে রাজস্ব ব্যয় বেড়ে যায়। যানজট ‘একটি স্থিতিশীল বাজেটের’ জন্য বড় ধাক্কা। একটি পরিসংখ্যানে দেখা গেছে, এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে স্বাভাবিক গতিতে সময় লাগার কথা ৫ থেকে ১০ মিনিট, সেখানে ঢাকা শহরে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। যানজটে ৩০ মিনিট সময় নষ্ট হওয়া বিশাল অংকের অর্থনৈতিক ক্ষতি, যেটা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রের বহন করা সম্ভব নয়। এটা নাগরিক সমাজও স্বীকার করেছে বিভিন্ন সেমিনারে।
ঢাকায় যানজটে প্রতিদিন আমাদের বাজেট ঘাটতি দীর্ঘ হচ্ছে এবং মুদ্রার মান দ্রুত নেমে যাচ্ছে। ১০ বছর আগে ২০ (২০১৬) টাকা মূল্যের পণ্যের দাম জুন ২০২৬ এসে দাঁড়িয়েছে ১০০ টাকা। ১০ বছরের ব্যবধানে পণ্যের দাম ৮০ টাকা বেড়ে যাওয়া খুব কম দেশেই ঘটে। ২০১৬ সালে এক কেজি সাইজের ইলিশ মাছের দাম ছিল ৭০০/৮০০ টাকা, আজ ২০২৬ সালে এসে ২৫০০/২৬০০ টাকায় কিনতে হয়। এটা এখন সৌখিন মানুষের খাদ্যপণ্য। এতে প্রমাণ হয়, যানজটের কারণে টাকার দাম কমছে, অন্যদিকে পণ্যের দাম বাড়ছে। মুদ্রানীতি এখন খাতা-কলমে সচল, বাস্তবে অচল। এ ছাড়া বাংলাদেশে যানজট ও জনজট বাংলাদেশের সৌন্দর্যের ভয়াবহ ব্যাঘাত ঘটাচ্ছে। সময় যতই অতিবাহিত হচ্ছে সমস্যার শেকড় কেউ চিহ্নিত করছে না বা করতে পারছে না।
ঢাকা শহরে যতগুলো পাইকারি বাজার আছে তা রক্ষণাবেক্ষণ করার আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে ওঠেনি। যানজটের কারণে ঢাকার বাইরে থেকে যেসব পণ্যসামগ্রী ঢাকার পাইকারি বাজারে আসে তার অর্ধেকই বিলম্বজনিত কারণে পথেই নষ্ট হয়ে যায়, তারপর আছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। এখানেও মোটা অংকের চাঁদা দিতে হয়। এসব কিছুই যানজটের ক্ষতির মধ্যে পড়ে। যারা শহরে পরিবার নিয়ে থাকে তারা নিয়মমাফিক কাজ যেমন হাটবাজার করা, ছেলেমেয়েদের পড়াশোনা জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, ব্যক্তিগত কাজে ঘরের বাইরে যাওয়া ইত্যাদি নানা কাজে অনেক টাকা খরচ করতে হয়। দিনে ২/৩ ঘণ্টার কাজ করতে সময় নষ্ট হয় ৮ থেকে ১০ ঘণ্টা। এ ক্ষেত্রে ১০ ঘণ্টা যে সময় নষ্ট হয় তার মূল্য প্রতিজনে কয়েক হাজার টাকা গুনতে হয়। যানজটে অর্থনৈতিক ক্ষতির অংক লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পৃথিবীর কোনও দেশে যানজটে বাংলাদেশের মতো এতো মোটা অংকের ক্ষতি হয় না। আমাদের দেশে এক বছরে যানজটে যে ক্ষতি হয় তা দিয়ে বাংলাদেশকে মেট্রো ও পাতাল রেল দ্বারা সুসজ্জিত করা সম্ভব। চীন দেশ ৬৫টা বাংলাদেশের সমান। তারা এতবড় দেশকে মাত্র ৫০ বছরে আজকের জায়গায় নিয়ে এসেছে। আর ৫৬ বছরে বাংলাদেশ চীনের সাথে তুলনা করলে দেখা যাবে আমরা সিকিভাগও এচিভ করতে পারিনি। নিজেদের কর্মদোষে আমরা বাংলাদেশকে ক্রমান্বয়ে পিছিয়ে দিয়েছি। উন্নতির রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে চীনের ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আর বাংলাদেশের ঘরে ঘরে রাজনীতি। আরেকটি উদাহরণ: বাংলাদেশের বয়স ৫৬ বছর, পাশাপাশি সমবয়সী মালয়েশিয়ার সাথে তুলনা করলে মনে হয় আমরা পিছিয়ে আছি অনেক। আমাদের মাথাপিছু গড় আয় ৩ হাজার ২০ মার্কিন ডলার। অন্যদিকে মালয়েশিয়া ক্রয়ক্ষমতার ভিত্তিতে মাথাপিছু গড় আয় ৪৬ হাজার ৯৮৬ মার্কিন ডলার। প্রযুক্তিগতভাবে তারা এগিয়েছে অনেক। দাঙ্গা-হাঙ্গামা ও রাজনৈতিক গন্ডগোল নেই বলেই চলে।যানজটে কাজের সময় কমে গেলে আয়ও কমতে পারে। একই সঙ্গে দীর্ঘ যানজট মানুষের মানসিক চাপ বাড়ায় এবং বায়ুদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অসুস্থতার চিকিৎসা ব্যয় এবং কর্মদিবস নষ্ট হওয়ার মধ্য দিয়েও অর্থনীতিতে পরোক্ষ ক্ষতি হয়। যানজটের ক্ষতি শুধু রাস্তায় আটকে থাকা মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব অর্থনীতির প্রায় প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে। একটি প্রতিষ্ঠানের কর্মীরা নিয়মিত দেরিতে পৌঁছালে কাজের সময় কমে, সেবার গতি কমে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে কোনো ব্যবসায়ী পণ্য সরবরাহে নির্ভরযোগ্য সময়সূচি দিতে না পারলে ক্রেতার আস্থা কমতে পারে।
অনলাইন ব্যবসা ও দ্রুত ডেলিভারিনির্ভর সেবার ক্ষেত্রেও যানজট বাড়তি সময় ও খরচ তৈরি করে। ফলে শহরের চলাচলব্যবস্থার অদক্ষতা ধীরে ধীরে ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতাকেও দুর্বল করে। অন্যদিকে যানজটে নষ্ট হওয়া সময় মানুষ পরিবার, শিক্ষা, বিশ্রাম ও সৃজনশীল কাজে ব্যবহার করতে পারে না। অর্থাৎ এর ক্ষতি হিসাবের খাতায় ধরা পড়া ব্যয়ের চেয়েও বড়।
একজন মানুষের হারানো কয়েক ঘণ্টা হয়তো আলাদাভাবে ছোট মনে হতে পারে, কিন্তু একটি শহরের লাখ লাখ মানুষের প্রতিদিনের হারানো কর্মঘণ্টা যোগ করলে এর অর্থনৈতিক মূল্য বিপুল। কর্মঘণ্টা নষ্ট হওয়ার অর্থ হলো উৎপাদনশীল কাজে কম সময় দেওয়া, কম কাজ সম্পন্ন হওয়া এবং আয় ও উৎপাদনের সম্ভাবনা কমে যাওয়া। যানজটের আরেকটি বড় অর্থনৈতিক ক্ষতি পরিবহন ও জ্বালানি ব্যয় বৃদ্ধি। যানবাহন দীর্ঘ সময় ধীরগতিতে চললে বা স্থির অবস্থায় থাকলে অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এতে যাত্রী, পরিবহন মালিক এবং ব্যবসায়ীদের ব্যয় বাড়ে।
জ্বালানি আমদানিনির্ভর হওয়ায় অতিরিক্ত ব্যবহার দেশের বৈদেশিক মুদ্রার ওপরও চাপ সৃষ্টি করতে পারে। পণ্য পরিবহনে যানজটের প্রভাব আরও ব্যাপক। কাঁচামাল কারখানায় দেরিতে পৌঁছালে উৎপাদন ব্যাহত হতে পারে, আবার তৈরি পণ্য বাজারে পৌঁছাতে বিলম্ব হলে বিক্রয় ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়। মাছ, সবজি, ফলসহ দ্রুত নষ্ট হওয়া পণ্য দীর্ঘ সময় আটকে থাকলে অপচয় বাড়ে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। পরিবহন ব্যয় বাড়লে অনেক সময় সেই অতিরিক্ত খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়, ফলে শেষ পর্যন্ত ভোক্তাকেও বেশি মূল্য দিতে হয়। ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশাচালক, চালক, ডেলিভারি কর্মী ও দৈনিক আয়ের মানুষের জন্য যানজটের ক্ষতি আরও তীব্র, কারণ তাদের আয় সরাসরি সময়ের সঙ্গে যুক্ত।
প্রথমত, নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং বাসগুলোকে রুটভিত্তিক ও শৃঙ্খলিত করতে হবে। দ্বিতীয়ত, স্মার্ট ট্রাফিক সিগন্যাল, যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যাল নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মোড়ে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে হবে। তৃতীয়ত, অবৈধ পার্কিং ও ফুটপাত দখল বন্ধের পাশাপাশি পণ্য ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করা প্রয়োজন। সড়ক খনন ও নির্মাণকাজের ক্ষেত্রেও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে একই সড়কে বারবার কাজ না হয়। পাশাপাশি গণপরিবহনের মধ্যে রুট ও সময়সূচির সমন্বয়, পথচারীবান্ধব ফুটপাত এবং প্রয়োজনে পার্কিংয়ের সুষ্ঠু মূল্য নির্ধারণও নিশ্চিত করা দরকার। পাশাপাশি রাজধানীর ওপর চাপ কমাতে ঢাকার বাইরে শিক্ষা, চিকিৎসা, শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। যানজট নিরসন তাই শুধু নাগরিক স্বস্তির প্রশ্ন নয়; এটি সময়, শ্রম, অর্থ ও উৎপাদনশীলতা রক্ষার প্রশ্ন। কার্যকর পরিকল্পনা ও দৃশ্যমান বাস্তবায়ন নিশ্চিত করা গেলে মানুষের প্রতিটি বাঁচানো ঘণ্টা দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার সুযোগে পরিণত হবে এবং ঢাকা একটি বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক নগরী হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category