প্রভাত ডেস্ক: এশিয়া সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে অংশ নিতে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্বে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নজিরবিহীন শীর্ষ বৈঠকে যোগ দেবেন তিনি। ইউক্রেন, ইরান, বাণিজ্য ও বিশ্বজুড়ে অস্ত্রের মজুত বৃদ্ধি নিয়ে উত্তেজনার মধ্যে চীনের শেনঝেনে একত্র হচ্ছেন বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতারা। এশিয়া সফরে ট্রাম্পের দ্বিতীয় পূর্ণ দিনে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।
তাৎপর্যপূর্ণ করমর্দন: বিশ্বনেতাদের কোনো সমাবেশে অনেক করমর্দন হয়। তবে বুধবার একটি করমর্দন বিশেষভাবে নজর কেড়েছে।
পুতিন ট্রাম্পের কাছে গিয়ে ক্যামেরার সামনে তাঁর সঙ্গে করমর্দনের উদ্যোগ নেন। ইউক্রেনে যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের বড় অংশ থেকে রাশিয়া বিচ্ছিন্ন হয়ে থাকার মধ্যে দুই নেতার এ করমর্দন প্রকাশ্যে তাঁদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছে।
এই মুহূর্ত পুতিনকে দেখানোর সুযোগ করে দেয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর এখনো সরাসরি যোগাযোগ রয়েছে এবং বিশ্বমঞ্চে তিনি এখনো গুরুত্বপূর্ণ একজন নেতা। অন্যদিকে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি বিশ্বনেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ওপর তাঁর গুরুত্ব দেওয়ার প্রবণতাকেই তুলে ধরেছে।
এই দুই প্রভাবশালী নেতার সংক্ষিপ্ত করমর্দন এখনই কোনো নীতিগত অগ্রগতির নিশ্চয়তা দেয়নি। তবে আজ বৃহস্পতিবারের বৈঠকের আগে এটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছে। এদিন ট্রাম্প, পুতিন ও সির মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাদা বৈঠকও হওয়ারও কথা। তবে বৈঠকে তিন নেতার ব্যক্তিগত আগ্রহের বিষয় পুরোপুরি এক নয়। ট্রাম্প পারমাণবিক অস্ত্র সীমিত করার বিষয়ে আলোচনা করতে চান। সি বিষয়টি এড়াতে চাইবেন। কারণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে চীন ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে। ট্রাম্প বলেছেন, বৈঠকে ইউক্রেন ও ইরান নিয়েও আলোচনা হবে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ফোরামে দওয়া সূচনা বক্তব্যে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেন পুতিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির সমালোচনা করে ‘অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের’ আহ্বান জানান সি।
মঞ্চের কেন্দ্রে থাকতে ভালোবাসেন যে প্রেসিডেন্ট: সাধারণ কোনো অনুষ্ঠানে নিজের আসাকেও অন্য বিশ্বনেতাদের চেয়ে আলাদা করে উপস্থাপন করার নিজস্ব কৌশল রয়েছে ট্রাম্পের। এপেক সম্মেলনের নৈশভোজে নেতারা যখন প্রবেশ করছিলেন, তখন তাঁদের বেশির ভাগই আট সদস্যের একটি ধ্রুপদি সংগীত দল ও সাংবাদিকদের ভিড়ের পাশ দিয়ে হেঁটে যান। কেউ হয়তো মাথা নেড়ে অভিবাদন জানান, কেউবা একবার তাকিয়েই চলে যান।
কিন্তু ট্রাম্প ভিন্ন পথ বেছে নেন। সংগীত দল যখন ‘আমেরিকা দ্য বিউটিফুল’ বাজাচ্ছিল, তখন তিনি প্রায় ১০ সেকেন্ড থেমে থাকেন। মনে হচ্ছিল, তিনি সংগীতটি উপভোগ করছেন। এরপর সরাসরি সাংবাদিকদের দিকে ঘুরে ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুক্ষণ একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে ট্রাম্প আলোকচিত্রীদের সামনে থেকে তাঁর প্রতিকৃতির মতো ছবি তোলার সুযোগ দেন। অন্য নেতাদের সাদামাটা প্রবেশের তুলনায় ট্রাম্পের এ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঘটনাটি ছোট হলেও এতে ট্রাম্পের স্বভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রেসিডেন্ট পদে থেকে জাঁকজমকপূর্ণ আয়োজন তিনি দীর্ঘদিন ধরেই উপভোগ করেন। যুদ্ধবিমানের আকাশে মহড়া, নিখুঁত সামরিক অভিবাদন কিংবা জমকালো অভ্যর্থনানৃত্য—সবকিছুতেই তিনি নিজেকে কেন্দ্রীয় অবস্থানে রাখতে পছন্দ করেন।
ভাজা মুরগির কূটনীতি: ফাস্ট ফুডের প্রতি ট্রাম্পের ভালোবাসার কথা অনেকেরই জানা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রচারের অন্যতম স্মরণীয় একটি ছবিতে তাঁকে অ্যাপ্রন পরে ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চফ্রাই ভাজতে দেখা যায়।
বুধবার ম্যানিলায় এশীয় নেতাদের এক সমাবেশে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানান, তিনি ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদলের জন্য মাঝরাতের নাশতা হিসেবে ফিলিপাইনের বিখ্যাত খাবারের চেইন জোলিবি থেকে ভাজা মুরগির মাংসের অর্ডার দিয়েছেন। জোলিবির জনপ্রিয়তার কথা গর্বের সঙ্গে তুলে ধরে মার্কোস বলেন, ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, জনপ্রিয়তার দিক থেকে যুক্তরাষ্ট্রে আমরা কেএফসিকে ছাড়িয়ে গেছি।’
জবাবে ট্রাম্প বলেন, ‘ওহ, বাহ! অসাধারণ।’ যুক্তরাষ্ট্রের ওই ফাস্ট ফুড চেইনের ভাজা মুরগির মাংস খাওয়ার জন্যও ট্রাম্পের একটা পরিচিতি আছে। তবে জোলিবি থেকে আনা ভাজা মুরগির মাংস তিনি খেয়েছেন কি না, জানা যায়নি।
দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ: ম্যানিলা সফরে ট্রাম্পের সঙ্গে ইমেলদা মার্কোসেরও সাক্ষাৎ হয়েছে। ৯৭ বছর বয়সী ইমেলদা ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি। তাঁর স্বামী ফার্দিনান্দ মার্কোস ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২১ বছর ফিলিপাইন শাসন করেছিলেন। ফার্দিনান্দ মার্কোসের স্বৈরশাসনের সময় পরিবারের বিলাসিতার প্রতীক হয়ে উঠেছিল ইমেলদার বিপুল অলংকারের সংগ্রহ ও এক হাজারের বেশি জোড়া জুতা। এখন মার্কোস পরিবার আবার ক্ষমতায়। ইমেলদার ছেলে, যিনি ‘বংবং’ নামে ব্যাপক পরিচিত, বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের এক সহকারী সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার সংক্ষিপ্ত সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকা ইমেলদা ট্রাম্পের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন। ট্রাম্প তাঁকে বলেন, ‘আপনার সময়টা ভালো কাটুক, ঠিক আছে?’
এ দুই নেতার পরিচয় কয়েক দশকের পুরোনো। ট্রাম্প যখন একজন উঠতি আবাসন ব্যবসায়ী, তখন নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ইমেলদার সঙ্গে তাঁর পরিচয়। ইমেলদার সঙ্গে পুনর্মিলনে মার্কোস পরিবার-নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন ট্রাম্প। গত মঙ্গলবার রাতে এক বক্তৃতায় ট্রাম্প মার্কোস জুনিয়রকে বলেন, ‘আমি নিজের বয়স বোঝাতে চাই না। তবে আপনার মা-বাবাকে আমি খুব ভালোভাবে চিনতাম। তাঁরা অসাধারণ ছিলেন।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি বংশগুণ (বা রক্তের ধারায়) বিশ্বাস করি। আপনার মা–বাবা দারুণ ছিলেন। আপনার মধ্যেও সেই চমৎকার গুণাবলী রয়েছে।’
এশিয়া সফরে ট্রাম্প বারবার অর্থনৈতিক সাফল্যের ঘোষণা দিয়েছেন। তাঁর জন্য এ বার্তা গুরুত্বপূর্ণ। কারণ, শুল্কনীতির কারণে পণ্যের দামের ওপর প্রভাব নিয়ে দেশে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ ছাড়া নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে তাঁর রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। অগ্রগতি দেখাতে আগ্রহী ট্রাম্প এ সফরে দুবার বড় ধরনের বাণিজ্যিক সাফল্যের ঘোষণা দিয়েছেন। একটি থাইল্যান্ডের সঙ্গে, অন্যটি ফিলিপাইনের সঙ্গে।
থাইল্যান্ডের সঙ্গে চুক্তি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটি এক অবিশ্বাস্য বিজয়।’ তবে চুক্তির বিস্তারিত এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।
থাইল্যান্ডের সঙ্গে চুক্তি নিয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সরকার ‘মূল বিষয়গুলোতে উল্লেখযোগ্য মাত্রায় সমঝোতায়’ পৌঁছেছে। এখন চুক্তিটি চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হবে।
ট্রাম্প বলেছেন, প্রস্তাবিত চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সব রপ্তানি পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেবে থাইল্যান্ড। পাশাপাশি দেশটি বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অশুল্ক বাধাও দূর করবে।
ফিলিপাইনের সঙ্গে সমঝোতাকে ঐতিহাসিক চুক্তি হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের কৃষক ও জ্বালানি খাত লাভবান হবে। তবে চুক্তির নির্দিষ্ট শর্ত, পরিসংখ্যান কিংবা কার্যকর করার সময়সীমা সম্পর্কে ট্রাম্প কিছু জানাননি। অন্যদিকে ম্যানিলা জানিয়েছে, দুই দেশ শুধু অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।
ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক ঘিরে ব্যাপক আগ্রহ থাকলেও বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা কম।
ট্রাম্প, সি ও পুতিন ভিন্ন ভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনার টেবিলে বসছেন। চীনের প্রেসিডেন্ট সাধারণভাবে বিশ্বশান্তির ওপর গুরুত্ব দিতে চান। পুতিন নিজের অনুকূল শর্তে ইউক্রেন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। আর ট্রাম্প পারমাণবিক অস্ত্র সীমিত করতে চান। আয়োজকেরা বৈঠকের প্রতিটি পর্ব অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে প্রবেশাধিকারও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে এত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ক্যামেরা চালু থাকা অবস্থায় ট্রাম্প কী করতে পারেন, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
ইউক্রেন ও ইউরোপের নেতারা উদ্বিগ্ন যে ট্রাম্প ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে পারেন। অন্যদিকে তাইওয়ান উদ্বিগ্ন যে তিন নেতা এমন কোনো পদক্ষেপ নিতে পারেন, যা স্বশাসিত দ্বীপটির ওপর আরও চাপ বাড়াতে চীনকে উৎসাহিত করবে। শীর্ষ বৈঠকের সবকিছু হয়তো আগে থেকেই নির্ধারিত থাকবে। কিন্তু ট্রাম্প প্রায়ই পূর্বনির্ধারিত পরিকল্পনা মেনে চলেন না।