মো. নুরুল আমিন, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালে ৪৬ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দিন ও রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এবং চারজনসহ এ মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চারজন হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত সাহেব আলী মন্ডলের ছেলে মোঃ সৈকত ওরফে সাখাওয়াত (২৪), বরিশাল জেলার মুলাদী থানার মৃত হোসেন ফরাজীর ছেলে মোঃ বাদল ওরফে আসলাম (২৮), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সুলতান মিয়ার ছেলে চালক মাসুদ মিয়া (৩৫) ও ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল থানার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ ফরিদ হোসেন (৪৫)।
মামলা সূত্রে জানাযায়, ত্রিশাল থানাধীন ২ নং বৈলর ইউনিয়নের বৈলর মঠবাড়ি বড় পুকুরপাড় সাকিনস্থ ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে জনৈক মোঃ হোসেন আহমেদ পান্না এর রিজভী কনস্ট্রাকশন লিঃ এর বাউন্ডারীর ভিতর গত ১ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ৬:২০ ঘটিকা হতে ২ অক্টোবর রাত অনুমান ৩ ঘটিকা পর্যন্ত অজ্ঞাতনামা ২০/২৫ জন ডাকাত দেশীয় অস্ত্র প্রদর্শন করে দুইটি অজ্ঞাতনামা ট্রাক দিয়ে মোবাইল সর্বমোট ৪৬ লাখ ৮০ হাজার মালামাল ডাকাতি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ত্রিশাল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, বাদী মোঃ মোখছেদুর রহমান (৪৭), (ডিরেক্টর (অপারেশন), ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেড’) এর অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ আবুল কালাম আজাদ তথ্য-প্রযুক্তির মাধ্যমে ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ জেলা সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চারজন সহ সর্বমোট ৮ জন ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার পূর্বক তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৭২৬০ গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন নাওজোড় এলাকা হতে উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদীর সনাক্ত পূর্বক নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন পাশে আর.আই.সি.এল লোহার কোম্পানীর ভিতর হতে বাদীর লুণ্ঠিত মালামালের মধ্যে ৬ পিস এম.এস পাইপ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।